বিধানসভা থেকে বই ফেরত না দিলে মমতার বিরুদ্ধেও ব্যবস্থা: গ্রন্থাগারমন্ত্রী

বীরভূম: বিধানসভা থেকে নেওয়া বই ফেরত না দিলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও নিয়ম মেনে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে—এমনই মন্তব্য করলেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ।

মঙ্গলবার সিউড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে গ্রন্থাগারমন্ত্রী বলেন, লাইব্রেরি থেকে কোনও সাধারণ পাঠক বই নিয়ে তা ফেরত না দিলে যে নিয়মে ব্যবস্থা নেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। তাঁর দাবি, বিধানসভা থেকে রবীন্দ্র রচনাবলী নেওয়ার পর সেই বই এখনও ফেরত দেওয়া হয়নি।

এই অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। তার মধ্যেই মন্ত্রীর এই মন্তব্যে বিষয়টি আরও তাৎপর্য পেয়েছে।

গৌরীশঙ্কর ঘোষের আরও অভিযোগ, আগের সরকারের আমলে রাজ্যের বিভিন্ন লাইব্রেরিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর লেখা বই কিনতে চাপ দেওয়া হত। বর্তমান সরকার এই ধরনের কোনও চাপ দেবে না বলেও দাবি করেন তিনি।

মন্ত্রী জানান, লাইব্রেরির বই নির্বাচনের ক্ষেত্রেও এবার পরিবর্তন আনা হবে। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় ও সিদ্দিকুল্লা চৌধুরীর লেখা কিছু বই সরিয়ে সেখানে রাষ্ট্রবাদী ভাবধারার বই রাখা হবে। পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে লেখা বইও লাইব্রেরিতে রাখার উদ্যোগ নেওয়া হবে।

গ্রন্থাগারমন্ত্রীর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বই ফেরত না দেওয়ার অভিযোগ এবং লাইব্রেরির বই পরিবর্তনের সিদ্ধান্ত—দুই বিষয়েই শুরু হতে পারে নতুন রাজনৈতিক চাপানউতোর।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চিনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা ঘনিষ্ঠতা, নজরে নয়াদিল্লি

সীমান্তে পৌঁছনোর আগেই পুলিশের জালে পাচারকারী! গাড়ি থেকে উদ্ধার ১২০০ শিশি ফেন্সিডিল