উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের দাপট, উত্তাল সমুদ্র! মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে আবহাওয়ার পরিস্থিতি আরও প্রতিকূল হয়ে উঠেছে। সমুদ্র উত্তাল থাকার পাশাপাশি দমকা হাওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া সিস্টেমটি উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতিও বাড়তে পারে। পরিস্থিতির কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ উপকূল-সহ ওড়িশার উপকূলীয় এলাকাতেও মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার সতর্কতা জারি রয়েছে। সমুদ্রের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের এই সতর্কবার্তার পর উপকূলবর্তী এলাকায় প্রশাসনের তরফেও নজরদারি বাড়ানো হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সাধারণ মানুষকেও সমুদ্র ও উপকূলের কাছাকাছি এলাকায় অপ্রয়োজনে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।