‘যাঁরা চলে গিয়েছিলেন, ফিরে আসুন’, যুবসমাজকে বাংলায় ফেরার আহ্বান শুভেন্দুর
কলকাতা: নিউটাউনে এলঅ্যান্ডটি মাইন্ডট্রির নতুন তথ্যপ্রযুক্তি ক্যাম্পাস উদ্বোধন ঘিরে রাজ্যে কর্মসংস্থান ও বিনিয়োগ নিয়ে আশার কথা শোনালেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি দাবি করেন, এই ধরনের বড় আইটি প্রকল্প বাংলার যুবসমাজের সামনে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
শুভেন্দুর বক্তব্য অনুযায়ী, নিউটাউনের সিলিকন ভ্যালি হাবে তৈরি হয়েছে ৭ লক্ষেরও বেশি বর্গফুটের এই বিশাল অফিস। সেখানে উচ্চদক্ষতাসম্পন্ন কর্মীরা কাজ করবেন। তাঁর আশা, এই প্রকল্পের ফলে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত বাংলার বহু যুবক-যুবতী আর বাইরে না থেকে রাজ্যে ফিরে কাজের সুযোগ পাবেন।
তিনি বলেন, বিশ্বব্যাপী ডিজিটাল অর্থনীতির সঙ্গে বাংলাকে আরও শক্তভাবে যুক্ত করার ক্ষেত্রে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। একইসঙ্গে রাজ্যে আরও শিল্প ও বিনিয়োগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।শুভেন্দুর দাবি, বর্তমানে রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকার চলছে এবং নরেন্দ্র মোদির দেখানো পথেই উন্নয়নের লক্ষ্যে এগোচ্ছে সরকার। বাংলায় শিক্ষিত বেকারের সংখ্যা বেশি উল্লেখ করে তিনি বলেন, তাঁদের জন্য শিল্প ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই এখন অন্যতম বড় প্রয়োজন।
ছোট-বড় উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাসও দেন শুভেন্দু। তাঁর বক্তব্য, রাজ্যে বিনিয়োগ বাড়াতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে। পাশাপাশি এলঅ্যান্ডটি মাইন্ডট্রির মতো সংস্থাকে ভবিষ্যতে বাংলায় আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।
এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই কার্যত বাংলার বাইরে থাকা যুবসমাজকে রাজ্যে ফিরে আসার বার্তা দেন শুভেন্দু। তাঁর বক্তব্য, রাজ্যে কর্মসংস্থানের পরিকাঠামো আরও শক্তিশালী হলে নিজের রাজ্যেই কাজের সুযোগ তৈরি হবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন