ক্যামাক স্ট্রিট কাণ্ডে মদন মিত্রের নিশানায় কালীঘাট, মমতাকে দিলেন ‘আয়না দেখার’ পরামর্শ

কলকাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পুরসভার অভিযানের ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায়। অভিযোগ, অফিসের বিল্ডিংয়ের ছাদে অনুমতি ছাড়া লাগানো বিশাল বিলবোর্ড খুলতে যায় কলকাতা পুরসভা। সেই সময় পুলিশ ও উপস্থিত ব্যক্তিদের মধ্যে বচসা ও ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে বলে জানা যায়।

ঘটনাকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও পুলিশের তর্কাতর্কি হয়। পরে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তৃণমূলের কামারহাটির বিধায়ক মদন মিত্র সরাসরি নিশানা করেন কালীঘাটের তৃণমূল নেতৃত্বকে।

মদন মিত্রের দাবি, ক্যামাক স্ট্রিটের ঘটনা দলের বর্তমান পরিস্থিতির প্রতিফলন। তাঁর
বক্তব্যে উঠে আসে, দলীয় রাজনীতিতে ক্যামাক স্ট্রিট ও কালীঘাটের মধ্যে তৈরি হওয়া দূরত্বই তৃণমূলের নানা সমস্যার অন্যতম কারণ। একইসঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেন, “দিদি আমাদের এখানে আসুন”। দলের চেয়ারপার্সন হিসেবে মমতার আরও সক্রিয়ভাবে পরিস্থিতি দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এদিনের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন মদন। তাঁর বক্তব্য, দলের বর্তমান বিভাজন ও টানাপোড়েনের জন্য নেতৃত্বকেই আত্মসমালোচনা করতে হবে। “ওনার মুখই আয়না, দেখে তিনি সিদ্ধান্ত নিন”—এই মন্তব্য করে কার্যত মমতার নেতৃত্ব নিয়েই প্রশ্ন তোলেন তিনি।

এদিকে, সন্ধ্যায় ক্যামাক স্ট্রিটের অফিসের ছাদ থেকে বড় বিলবোর্ড সরানোর পর রাতে সেখানে ফের একটি তুলনামূলক ছোট ফ্লেক্স দেখা যায়। তাতে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’-এর নামের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং দলের প্রতীক ছিল।

রাতে অফিস থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, পরদিন মামলার শুনানি রয়েছে এবং প্রয়োজন হলে তাঁরা আইনি পথে আরও এগোবেন। তাঁর অভিযোগ, ওই দিনের ঘটনায় মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের ঘটনা ঘটেছে। একইসঙ্গে তিনি দাবি করেন, ক্যামাক স্ট্রিটের অফিসটি দীর্ঘদিন ধরে রয়েছে এবং নিয়মিত ভাড়াও দেওয়া হয়।

ক্যামাক স্ট্রিটের এই ঘটনাকে ঘিরে তৃণমূলের অভ্যন্তরীণ টানাপোড়েন আরও প্রকাশ্যে চলে এল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চিনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা ঘনিষ্ঠতা, নজরে নয়াদিল্লি

বিধানসভা থেকে বই ফেরত না দিলে মমতার বিরুদ্ধেও ব্যবস্থা: গ্রন্থাগারমন্ত্রী

সীমান্তে পৌঁছনোর আগেই পুলিশের জালে পাচারকারী! গাড়ি থেকে উদ্ধার ১২০০ শিশি ফেন্সিডিল