‘ছাত্র-যুবরাই জবাব দেবে’, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের
কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্য নিয়ে আসা বিজেপির বিরুদ্ধে ছাত্র-যুবরাই সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে তুলছে। সেই আন্দোলনের জেরেই বিজেপির ‘গদি টলমল করছে’ বলেও কটাক্ষ করেন তিনি।
ক্যাথিড্রাল রোডে আয়োজিত সভায় রাখীবন্ধন উৎসবের শুভেচ্ছা জানানোর পরই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তোলেন অভিষেক। তাঁর বক্তব্যে উঠে আসে বিভিন্ন ছাত্র আন্দোলনের কথা। বিজেপিকে নিশানা করে তিনি অভিযোগ করেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখলের রাজনীতি করা হচ্ছে।
এরপর সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক বলেন, “বুকের পাটা থাকলে আগে ছাত্র-যুবর সঙ্গে লড়ে দেখাও।” তাঁর দাবি, তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের আগে বিজেপিকে বাংলার ছাত্র-যুব শক্তির মোকাবিলা করতে হবে।
নিজের রাজনৈতিক লড়াইয়ের প্রসঙ্গেও অনড় বার্তা দেন তৃণমূল নেতা। তদন্তকারী সংস্থা থেকে শুরু করে প্রশাসনিক শক্তি—সবকিছুকে কাজে লাগিয়েও তাঁকে বা তাঁর দলকে দমিয়ে রাখা যাবে না বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, “যব তক ম্যায় মরা নেহি, তব তক ম্যায় হারা নেহি।”
সভায় তাঁর ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসের সাইনবোর্ড ও বিলবোর্ড সরানোর প্রসঙ্গও তোলেন অভিষেক। অভিযোগ করেন, তৃণমূলের একটি সাইনবোর্ড খোলার জন্যও প্রশাসনকে ব্যবহার করা হয়েছে।
সব মিলিয়ে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে অভিষেকের বার্তা ছিল স্পষ্ট—চাপ, তদন্ত বা রাজনৈতিক আক্রমণে মাথা নত নয়; ছাত্র-যুবদের শক্তিকে সঙ্গে নিয়েই বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে তৃণমূল।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন