সোনাল দিনুশার লড়াই, ফলো-অন বাঁচাতে মরিয়া শ্রীলঙ্কা
কলম্বো, ২৬ আগস্ট: ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে শ্রীলঙ্কা। ভারতের প্রথম ইনিংসে ৫০৩/৯ রানের জবাবে তৃতীয় দিনের শেষে ৮ উইকেটে ২৬৫ রান তুলেছে স্বাগতিকরা। ফলো-অন এড়াতে এখনও প্রয়োজন আরও ৩৯ রান। বৃষ্টির কারণে তৃতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের আগেই শেষ হয়।
শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে একাই প্রতিরোধ গড়ে তুলেছেন সোনাল দিনুশা। দিনের শেষে তিনি ৮৫ রানে অপরাজিত ছিলেন। কেশারা নুয়ান্তার সঙ্গে অষ্টম উইকেটে ৫৭ রান এবং লাহিরু কুমারার সঙ্গে নবম উইকেটে আরও ৩৫ রানের জুটি গড়ে ভারতীয় বোলারদের চাপে ফেলেন এই অলরাউন্ডার।
দিনুশার এই পারফরম্যান্স চলতি সিরিজে তাঁর দুর্দান্ত ফর্মেরই ধারাবাহিকতা। গল টেস্টে তিনি প্রথম ইনিংসে ১০০ এবং দ্বিতীয় ইনিংসে ৮৪ রান করেছিলেন। দ্বিতীয় টেস্টেও তাঁর ব্যাটে ভর করে ফলো-অন এড়ানোর আশা দেখছে শ্রীলঙ্কা।
দিনুশা ছাড়া শ্রীলঙ্কার হয়ে উল্লেখযোগ্য রান করেন পাসিন্দু সুরিয়াবান্দারা। তাঁর ব্যাট থেকে আসে ৮০ রান। ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণা ও মানব সুতার তিনটি করে উইকেট নিয়েছেন।প্রথম টেস্টে ভারত ১৬৫ রানে জয় পাওয়ায় দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় টেস্টেও ভারত এখন চালকের আসনে। চতুর্থ দিনে শ্রীলঙ্কার লক্ষ্য প্রথমে বাকি ৩৯ রান তুলে ফলো-অন এড়ানো; অন্যদিকে ভারত দ্রুত ইনিংস শেষ করে আবার শ্রীলঙ্কাকে ব্যাট করানোর লক্ষ্যেই মাঠে নামবে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন