DVC-র জল ছাড়ায় বাড়ছে উদ্বেগ, চার জেলাকে সতর্ক করল নবান্ন
কলকাতা: মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে প্রায় ১ লক্ষ ২০ হাজার কিউসেক জল ছাড়ায় রাজ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যেই সেই জল দুর্গাপুর ব্যারেজের দিকে ছাড়তে শুরু করেছে। পরিস্থিতির দিকে নজর রেখে নবান্নে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
জানা গিয়েছে, বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির জেরে মাইথন ও পাঞ্চেত জলাধারে জলস্তর বেড়েছে। সেই কারণেই জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। পরিস্থিতি নিয়ে ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। কেন একসঙ্গে এত পরিমাণ জল ছাড়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানতে চান তিনি। পাশাপাশি পরিস্থিতি বিবেচনা করে জল ছাড়ার পরিমাণ যতটা সম্ভব কমানোর অনুরোধও করা হয়েছে।
ডিভিসির জল ছাড়ার জেরে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া—এই চার জেলাকে সতর্ক করেছে নবান্ন। বৃহস্পতিবার বিকেলের পর থেকে দামোদরের নিম্ন অববাহিকার নিচু এলাকাগুলিতে জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আগাম প্রস্তুতি হিসেবে প্রয়োজন হলে নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা রাখতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি SDRF-সহ বিপর্যয় মোকাবিলা দলকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পরিস্থিতির অবনতি হলে দ্রুত তাদের মোতায়েন করা যায়।
নদীর জলস্তরের উপর নিয়মিত নজরদারি চালানোর জন্য সেচ দফতরের আধিকারিকদেরও নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জলস্তরের পরিবর্তনের উপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন