অসমের জেলে HIV সংক্রমণ নিয়ে উদ্বেগ, ৪ মাসে আক্রান্ত ২২৬ কয়েদি

গুয়াহাটি: অসমের বিভিন্ন জেলে বন্দিদের মধ্যে HIV সংক্রমণের ঘটনা সামনে আসায় উদ্বেগ তৈরি হয়েছে। এপ্রিল থেকে জুলাই—এই চার মাসে রাজ্যের ৩১টি জেলে ২২৬ জন কয়েদির শরীরে HIV সংক্রমণ ধরা পড়েছে বলে জানা গিয়েছে। বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসেছে অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।


মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং আক্রান্ত বন্দিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে। জেলগুলিতে HIV পরীক্ষার ব্যবস্থাও আরও জোরদার করার কথা জানিয়েছে সরকার।

ঘটনার সূত্রপাত শ্রীভূমি জেলা কারাগার থেকে। সেখানে বর্তমানে প্রায় ৪৪৫ জন বন্দি রয়েছেন, যেখানে সরকারি অনুমোদিত ধারণক্ষমতা মাত্র ১৮৭ জন। অর্থাৎ জেলটিতে ধারণক্ষমতার তুলনায় বন্দির সংখ্যা অনেকটাই বেশি। ওই জেলে এখনও পর্যন্ত ১১ জন বন্দির HIV পজিটিভ রিপোর্ট এসেছে, তাঁদের মধ্যে একজন মহিলা বন্দিও রয়েছেন।

জেল কর্তৃপক্ষের দাবি, আক্রান্ত বন্দিদের অধিকাংশের বিরুদ্ধেই নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (NDPS) আইনে মামলা রয়েছে। AIDS Control Committee-র আধিকারিকরা নিয়মিত জেলে গিয়ে বন্দিদের কাউন্সেলিং করেন বলেও জানানো হয়েছে। আক্রান্ত বন্দিদের চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

অসমের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিঙ্ঘল জানিয়েছেন, রাজ্যে বর্তমানে প্রায় ৩৩ হাজার HIV/AIDS আক্রান্ত রোগী রয়েছেন। জেলগুলিতে নতুন করে এত সংখ্যক সংক্রমণের তথ্য প্রকাশ্যে আসায় পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য সরকার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

চিনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা ঘনিষ্ঠতা, নজরে নয়াদিল্লি

বিধানসভা থেকে বই ফেরত না দিলে মমতার বিরুদ্ধেও ব্যবস্থা: গ্রন্থাগারমন্ত্রী

সীমান্তে পৌঁছনোর আগেই পুলিশের জালে পাচারকারী! গাড়ি থেকে উদ্ধার ১২০০ শিশি ফেন্সিডিল